HardBord Binding | ISBN: 978-81-982713-3-4 | Poetry
Cover - Subir Mondal
বইকথা -
প্রকৃতির ‘আঁচল’-এ বিছানো রয়েছে--- তরুণ কবিমনে জেগে ওঠা সম্প্রীতির ভাব, সামাজিক বৈষম্যের দুঃখদহন, জীবন-জীবিকা, শ্রমের মূল্যায়ণ--- সাথে উপকারী কীটপতঙ্গের কার্যকলাপ, বৃক্ষরোপণ- ‘সফেদ নিস্তব্ধতা’, ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘লাস্ট স্ন্যাপ’-এর মত কবিতায় পরিবেশ সচেতনতা--- যেখানে সাহিত্যের সাথে বিজ্ঞানের মিহি-মিশেল, শিক্ষা, মাতৃভাষা--- কবিমনে ছায়া ফেলে যাওয়া ঋতুবৈচিত্র্য, উৎসব, স্মরণীয় দিন। কবির ভ্রমণপিপাসু মন ঘুরে ফেরে জয়ন্তী মেঘমা সান্দাকফু স্পীতি হয়ে শ্বেতকরবীর দেশে, নোম্যান্স ল্যাণ্ড থেকে রূপকথার দেশে, কবিমন ভেসে যায় তিস্তা থেকে জাটিঙ্গায়, সোনালী তন্তু পাট বা মেস্তার মত অর্থকরী ফসলের বিকিকিনির হাটে ঘুরে ফেরে মন, কবিমনে কখনো বা বেজে যায় প্রেম ও বিরহের নিস্তব্ধ কনসার্ট--- আরও একটা পম্পেই নগরী গড়ার ইচ্ছেটা ফুঁসে ওঠে মনের গভীরে। কবিতায় জয়ী সেতু কখন যে হয়ে যায় মেরিণড্রাইভ, বুদ্বুদ কখন যে হয়ে যায় স্বপ্নের ফুলঝুরি। কবি হাতের কাছে প্রদীপের আলো ছেড়ে দূর আকাশে জ্যোতিষ্কের মেলায় মহাজাগতিক পরিমণ্ডলে হারিয়ে যান। কবির কবিতায় ঘুড়ি, বৃষ্টি, সাইকেল-এ ব্যক্তিত্বারোপিত হয়ে যায়। প্রিয় মানুষদের নিয়ে কবি লিখেছেন 'নেফারতিতি', 'নীল ধ্রুবতারা', 'শুভ জন্মদিন'। কোথাও প্রিয় কবিদের নিয়ে বেঁধে নেওয়া কবিতা আবার কোথাও 'কবিতা'- নিজেই হয়ে উঠেছে আঁচলে রাখা কবিতার বিষয়বস্ত।
কবি পরিচিতি -
সায়ন্তন ধর- জন্ম ১৯৯৫, জলপাইগুড়ি শহর। বাবা শ্রী শক্তি প্রসাদ ধর, মা শ্রীমতী ডরোথী দাশ বিশ্বাস। শৈশব কেটেছে কোচবিহারের মেখলিগঞ্জে। শিক্ষা: জলপাইগুড়ি জিলা স্কুল। আনন্দ চন্দ্র কলেজ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর। শিক্ষক শিক্ষণ প্রাপ্ত। জীবিকা: আনন্দ চন্দ্র কলেজে অতিথি অধ্যাপক ছিলেন। বর্তমানে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত সংস্থা ‘ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন-ইন্ডিয়া’ -য় কর্মরত। লেখালেখি ও অন্যান্য বিষয়: লেখালেখির অভ্যাস ছিল ছোটবেলা থেকেই। শৈশবে চার দেওয়ালের পৃথিবী ও বাইরের উন্মুক্ত পরিবেশ মননে, অনুভবে গেঁথে গিয়েছিল, কল্পনার উড়ানে সৃষ্টি হয়েছিল গভীর এক কবিসত্তা। পরবর্তীকালে তারই প্রকাশ বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনীর। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন জার্নালে কয়েকটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। 'Herbarium Technique' -নামে একটি বইয়ের সহলেখক। ‘রানার’ ওয়েব ম্যাগাজিনের পথচলা তাঁরই হাত ধরে। এছাড়া Tech Touch Talk ওয়েব ম্যাগাজিনের সাহিত্য Zone বিভাগের সম্পাদকের ভূমিকাও পালন করে চলেছেন সুচারু রূপে। 'আঁচল' তাঁর প্রথম একক কাব্যগ্রন্থ। কবি বিশ্বাস করেন প্রকৃতি তার আঁচল বিছিয়ে রেখেছে সর্বত্র। একজন মানুষের ভাবনার সুললিত প্রকাশই হল কবিতা, যেখানে ভাষাসাহিত্যের সাথে প্রকৃতি-পরিবেশ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও মনস্তত্ত্ব মিলে মিশে একাকার। অন্যান্য শখ: বইপড়া, গান শোনা, ছবি তোলা ও ভ্রমণ।