Hard Board Binding | ISBN: 978-81-988257-4-2 | Conversation
Cover - Sayantan Dhar
কাব্য-কথা
ভোলনা কেন ভুলতে পারো যদি
দীঘির জলে কলস গিয়েছে ভেসে
পা জড়ালো কচুরীপানার দামে
এবার নেবো চিনে একটি নদী
নরম আলোয় জলভেজা বাতাসে
উড়িয়ে দিলাম টুকরো স্মৃতির পাতা
তোমার আমার রঙীন গল্পগুলো
লেখা হয়ে থাক অমর ইতিহাসে
এই তো আমি বেশ রয়েছি একা
সন্ধ্যাবেলার নিবিড় রঙে স্থির
ভাষাহীন আর অনুভবে জাগরণে
প্রাণপনে চাই উদাসীনতার দেখা
সন্ধ্যা নামছে দূর দেবদারুবনে
তুমি হয়তো দেখছো চাঁদের শোভা
আমি কিন্তু আঁধারেই বেশ আছি
সতত বিরত দুঃখ উন্মোচনে…
কবি পরিচিতি -
ডরোথী দাশ বিশ্বাস, জন্ম ১৯৬৪ সালে, পেশায়- শিক্ষিকা। খুব ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ঝোঁক। তবে অষ্টম শ্রেণীতে পড়ার সময় স্কুলে রবীন্দ্রজয়ন্তীতে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হবার সুবাদে দিদিমণিদের নজরে পড়ে যান, উনাদের উৎসাহে ও প্রেরণায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বরচিত কবিতা ও প্রবন্ধ লেখার সুযোগ আসে, বিষয়ভিত্তিক প্রবন্ধ লিখে পুরস্কৃত হয়েছেন অনেকবার। কবিতা আবৃত্তিতে পুরস্কার পেলেও স্বরচিত কবিতা তখনও তেমন করে জমাট বাঁধেনি। সেই অর্থে কবিতা নয়, ছড়া লেখা শুরু হয় ছেলের জন্মের পর। ২০১৩ সালে কম্পিউটার এলো, ফেসবুক প্ল্যাটফর্মে ছড়া তখন ধীরে ধীরে কবিতা হয়ে ওঠে। এ লেখা ফেসবুকের বিশেষ দুটি গ্রুপে এক কল্পনাবিলাসী মনের "পত্রসাহিত্য"- বিষয়ক লেখার 'কথোপকথন' আকারে সম্পাদিত সংকলন। প্রতিনিয়ত ভাবনার জগতে বাস। ব্যাগে, বিছানায়, টেবিলে খাতা-কলম মজুত। বলা যায় সবসময়ের সঙ্গী। নিজের সৃষ্টিকে প্রকাশ করার কোনো নির্দিষ্ট সময় নেই, রান্না করতে করতে, পথ চলতে চলতে কোনো ভাবনা এলে টুক করে লিখে রাখা, খাতা কাগজ না থাকলে হাতেই লিখে রাখা। অন্যান্য শখ- বই পড়া, লেখালেখি, ভ্রমণ। লেখালেখির পাশাপাশি 'রানার'- নামে একটি ওয়েব ম্যাগাজিন চালানো। সময়ের কাজ সময়ে করতে হয়- পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে সেই কথাটা মাথায় রেখে বছরে চারটি ওয়েবজিন সংখ্যা বের হয়। বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কবিতা গল্প প্রবন্ধ মুক্তগদ্য প্রকাশিত হয়েছে। সাহিত্যসেবার ক্ষেত্রে নিজস্ব সৃষ্টি ও পত্রিকা সম্পাদনা দুটোই সমান্তরালভাবে চলছে।